বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৩০ মিনিটের কিছু পর দারুণ এক চিপ শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি।

রিয়াল মাদ্রিদ তারকার এই গোলটি ছিল তার জাতীয় দলের হয়ে ৫৬তম, ফলে ৫৭ গোল করা অলিভিয়ে জিরুদের রেকর্ড থেকে তিনি এখন মাত্র এক গোল দূরে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় ফ্রান্স। ৫৫ মিনিটে ডায়োট উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে নেমে পড়ে দলটি। তবে এই ধাক্কা সামলে ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের স্ট্রাইকার হুগো এনকিতিকে। বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসের পাস থেকে গোল করেন তিনি।

এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাজিল। ৭৮ মিনিটে লুইজ হেনরিকের অ্যাসিস্ট থেকে কাছ থেকে গোল করে ব্যবধান কমান জুভেন্টাস ডিফেন্ডার গ্লেইসন ব্রেমার। তবে শেষ পর্যন্ত ম্যাচে সমতা ফেরাতে পারেনি সেলেসাওরা।

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স এই জয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াল।

গ্রুপ পর্বে তারা মুখোমুখি হবে সেনেগাল, নরওয়ে এবং প্লে-অফ জয়ী একটি দলের।
চোট থেকে ফিরে এই ম্যাচে গোল পাওয়াটা এমবাপ্পের জন্যও বড় স্বস্তির। হাঁটুর চোটে তিন সপ্তাহ বাইরে থাকার পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন তিনি।

রবিবার ওয়াশিংটনের কাছে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। সেই ম্যাচেই জিরুদের রেকর্ড স্পর্শ বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে এমবাপ্পের সামনে।

অন্যদিকে, কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।

তবে এই ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পায়নি ব্রাজিল। গোলরক্ষক আলিসন বেকার, ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ও এদার মিলিতাও, মিডফিল্ডার ব্রুনো গিমারেস এবং ফরোয়ার্ড রদ্রিগো ও এস্তেভাও অনুপস্থিত ছিলেন।

ফ্রান্সও ছিল কিছুটা বদল নিয়ে। আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা না থাকলেও আক্রমণভাগে এমবাপ্পে, ওলিসে ও বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ম্যাচের প্রথমার্ধে দেম্বেলের পাস থেকেই এমবাপ্পের গোল আসে। পরে উপামেকানোর লাল কার্ডের পর ডিফেন্স শক্ত করতে দেম্বেলেকে তুলে নিয়ে অভিষিক্ত ম্যাকসেন্স লাক্রোয়াকে নামানো হয়। এরপর এনকিতিকের গোল ফ্রান্সকে স্বস্তি দেয়। শেষদিকে ব্রেমারের গোল ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল।

দুই দলের মধ্যে এটি ছিল ১১ বছর পর প্রথম সাক্ষাৎ। এর আগে ১৯৯৮ বিশ্বকাপ ফাইনাল ও ২০০৬ কোয়ার্টার-ফাইনালসহ বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে জয় পেয়েছে ফ্রান্স।

এম আ /

Facebook Comments Box
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস