নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
পাকিস্তান ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে, তবুও ক্রিকেটভক্তদের মুখে লেগে আছে রাজাউল্লাহ মাসওয়ানির নাম। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এজবাস্টনে তার অভিষেক হয় পেসার পরিচয়ে। প্রথম ইনিংসে তিনি ৪ উইকেট নিয়েছেন ঠিক–ই, তবে আলোচনা হচ্ছে রাজার ৬৩ বলে ৯ ছক্কায় ৮১ রানের ইনিংসটি নিয়ে। যদিও এই ম্যাচের আগে ২১ বছর বয়সী এই পেসারকে বেশি চিনতেন না অধিনায়ক বাবর আজম!
তরুণ পেসার রাজার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা হয়েছে জো রুটকে লেগ বিফোরের ফাঁদে ফেলা স্মরণীয় উইকেট দিয়ে। পুরো ম্যাচে ধারাবাহিকভাবে ১৪০–এর ওপর গতির ডেলিভারিতে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে রাজা নেন ৪ উইকেট। যা পাকিস্তানের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ। এরপর করলেন রেকর্ডগড়া ব্যাটিং। টেস্ট অভিষেকে যৌথভাবে সর্বোচ্চ ৯টি ছক্কার রেকর্ড গড়েছেন রাজা। পাকিস্তানের অভিষিক্ত ক্রিকেটার হিসেবে তার ৪৩ বলে ফিফটিও সবচেয়ে দ্রুততম।
আরও পড়ুন
সেঞ্চুরিশূন্য ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড
টিকিট কেটেও রাজাউল্লাহর কারণে ক্যারিবিয়ান বিমানে ওঠা হলো না সাইমের
ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ড ছুঁলেন আব্বাস
পাকিস্তান ভুলতে বসেছিল এমন রেকর্ড গড়লেন পেসার রাজাউল্লাহ
তবে প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হওয়ায় পাকিস্তান সেখানেই বেশ পিছিয়ে পড়ে। তাদের বিপক্ষে ইংলিশরা লিড নেয় ৩২০ রান। পরে রাজাসহ ৫ ব্যাটারের হাফসেঞ্চুরিতে পাকিস্তান দুর্দশা কাটিয়ে ৪৪৯ রান তুলে ১২৯ রানের লক্ষ্য দেয়। যা ৮ উইকেটে পেরিয়ে ইংল্যান্ড ৩-০ ব্যবধানে সফরকারীদের ধবলধোলাই করেছে। তবে ইংলিশ ভূমিতে অভিষেক ম্যাচেই ব্যাট-বলে কাঁপন ধরানো রাজা রয়ে গেছেন আলোচনায়।
অথচ ২১ বছর বয়সী এই ক্রিকেটারের জাতীয় দলে ডাক পাওয়ার সময়টা ছিল খুবই বিশৃঙ্খল। লর্ডসে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট হারের পর স্কোয়াড থেকে ৭ ক্রিকেটার বাদ পড়েন। তাদের পরিবর্তে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে ৫ জন ছিলেন অনভিষিক্ত, এর মধ্যে রাজাউল্লাহ অন্যতম। এজবাস্টন টেস্ট খেলতে যাওয়ার আগে খাইবার পাখতুনখাওয়ারের এই ক্রিকেটারকে নাকি ভালোমতো চিনতেন না পাকিস্তানের অধিনায়কও।
বাবর আজম বলেন, ‘(এখানে আসার আগে) সত্যি বলতে আমি তার সম্পর্কে তেমন কিছু জানতাম না। তবে আমি শুনেছি (প্রথম শ্রেণির ক্রিকেটে) ওপেনার হিসেবে ব্যাটিংয়ে নেমে সে সেঞ্চুরি করেছিল। আমি ওই ইনিংসের কথা শুনেছিলাম। আমরা তার ব্যাটিং উপভোগ করেছি। আমার মনে হয় প্রত্যেকেই তার ব্যাটিং ও বোলিং পছন্দ করেছে। সেই খুব ভালো প্রতিভাবান। তার আগ্রাসী ব্যাটিং আমাদের জন্য ভালো ছিল এবং সেখান থেকে আমরা আত্মবিশ্বাস পেয়েছি।’
একইভাবে রাজা প্রশংসা কুড়িয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুটের কাছ থেকেও, ‘আমাদের হাতে খুব বেশি কিছু করার ছিল না। সে চমৎকার কিছু শট খেলেছে। তার জন্য ফিল্ডিং সাজানো বেশ কঠিন হয়ে পড়ে। সে বলে খুব ভালোভাবে আঘাত করেছে। সে এতটাই জোরে ব্যাট চালাচ্ছিল, তবুও কীভাবে তার কোনো পেশিতে টান লাগল না আমি বুঝতে পারছি না। তবে তার প্রশংসা করতেই হয়। দারুণ খেলেছে এবং আমাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছিল।’