বিনোদন ডেস্ক | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে স্বল্পদৈর্ঘ্যের ক্যারিয়ারে এই নায়ক উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। এর মধ্যে ১৪টির নায়িকা ছিলেন শাবনূর।
প্রিয় সহশিল্পীর ৩০তম প্রয়াণ দিবসে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছেন শাবনূর। তিনি এখনও বিশ্বাস করতে পারেন না সালমান শাহ নেই!
সালমান শাহকে স্মরণ করে শাবনূর লেখেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই। এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। ’তিনি আরো লেখেন, ‘পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক তুমি আজও বেঁচে আছ আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।’
সালমান শাহর অকাল প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হওয়া শূন্যতার কথাও তুলে ধরেছেন শাবনূর।
তার কথায়, ‘তোমার অকাল প্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি।’
সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও সালমান শাহর জনপ্রিয়তা যে এতটুকু কমেনি, সেটিও উল্লেখ করেছেন শাবনূর। তিনি বলেন, ‘সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।’
সর্বশেষে প্রিয় সহশিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শাবনূর লেখেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছ, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তিন দশক পরও তার অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিত্বের মায়া নতুন প্রজন্মের কাছেও সমানভাবে আকর্ষণীয়।
মু/ আ ফোকাস