বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

ঈদে ফিরছে ‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদে ফিরছে ‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’

ঈদ আয়োজনে তৃতীয়বারের মতো পর্দায় ফিরছে সংগীতবিচিত্রা ‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’।

জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় সাজানো এবারের আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুলের লেখা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী চন্দন সিনহার কণ্ঠে সাতটি গান পরিবেশিত হবে। প্রেম, বেদনা ও সম্পর্কের নানা অনুভূতিকে ঘিরে গানগুলো সাজানো হয়েছে একটি সুনির্দিষ্ট ন্যারেটিভে, যা অনুষ্ঠানটিকে শুধু সংগীত পরিবেশনা নয়, বরং একটি আবেগময় অভিজ্ঞতায় পরিণত করেছে।

এবারের বিশেষত্ব-চন্দন সিনহার কণ্ঠে থাকছে তিনটি নতুন গান। পাশাপাশি তাঁর গাওয়া দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও আতিয়া আনিসা। চন্দনের গাওয়া একটি গান নতুনভাবে পরিবেশন করেছেন সানিয়া সুলতানা লিজা। উপস্থাপনার পাশাপাশি ইমরান মাহমুদুল দর্শক উপস্থিতিতে গেয়েছেন চন্দনের জনপ্রিয় গান ‘আমি নিঃস্ব হয়ে যাব’, যা অনুষ্ঠানে যুক্ত করেছে বাড়তি আবেগ।

চন্দন সিনহা জানান, এবারের পর্বে চমক হিসেবে থাকছে কবির বকুলের কণ্ঠেও তাঁর একটি গান। গীতিকবি হিসেবে পরিচিত বকুলের কণ্ঠে গান পরিবেশন অনুষ্ঠানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

 

 

প্রথমবারের মতো এ আয়োজনে রাখা হয়েছে দর্শক উপস্থিতি। গানের ফাঁকে কথোপকথনে অংশ নেবেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী এবং গীতিকবি লিটন অধিকারী রিন্টু। তাঁদের অংশগ্রহণে শিল্পীজীবন, গানের পেছনের গল্প এবং সৃষ্টির নানা দিক উঠে আসবে আলাপচারিতায়।

অনুষ্ঠানটি নিয়ে ইমরান মাহমুদুল বলেন, দর্শকদের ভালোবাসাই তাঁকে তৃতীয়বারের মতো এই আয়োজনের সঙ্গে যুক্ত করেছে। তাঁর ভাষায়, ‘বকুল ভাই ও চন্দনদার সঙ্গে আমার রসায়ন চমৎকার। তাই “ইমরান-শো”তে কাজটি সাবলীলভাবে করতে পারি।’ গানের সঙ্গে গল্প, স্মৃতি আর আড্ডার মেলবন্ধনে সাজানো এই বিশেষ পর্ব এবারও প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায়।

‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’-এর গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। গান, আড্ডা ও দর্শকদের অংশগ্রহণের সমন্বয়ে এবারের পর্বটি ঈদ টেলিভিশন আয়োজনে একটি বিশেষ সংযোজন হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস