সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertisement

তামিম ইকবালকে ঘিরে সাগরিকা জুড়ে উৎসবের আমেজ

আশরাফুল হক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তামিম ইকবালকে ঘিরে সাগরিকা জুড়ে উৎসবের আমেজ

চট্টগ্রামের সন্তান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ায় তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠেছে বন্দরনগরী। এই উপলক্ষে নগরীর সাগরিকাসহ আসেপাশের এলাকায়,বিভিন্ন প্রবেশপথজুড়ে টানানো হয়েছে বড় বড় পোস্টার ও ব্যানার। নতুন দায়িত্ব পাওয়া এই ক্রিকেটারকে অভিনন্দন জানাতে এবং চট্টগ্রামের গর্ব হিসেবে তুলে ধরতেই স্থানীয়ভাবে এসব আয়োজন করা হয়েছে, যা শহরের ক্রীড়াপ্রেমীদের আবেগ ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা যাচ্ছে।

সাগরিকা এলাকার প্রবেশমুখে চোখে পড়ছে তামিম ইকবালের খেলার সময়ের একটি আকর্ষণীয় ভঙ্গিমার ছবি সংবলিত পোস্টার, যেখানে তাকে জাতীয় দলের জার্সিতে উপস্থাপন করা হয়েছে। পোস্টারগুলোর শিরোনামে তার প্রতি অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে এবং চট্টগ্রামের ক্রীড়া অঙ্গনে তার অবদানের কথাও তুলে ধরা হয়েছে। রাস্তার দুই পাশে, স্টেডিয়ামের গেটসংলগ্ন এলাকা এবং আশপাশে এসব পোস্টার স্থাপন করায় পুরো পরিবেশে এক ধরনের উৎসবমুখর আবহ তৈরি হয়েছে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ঘিরে আজ বৃহস্পতিবার সাগরিকা পাড়ে ছিল বাড়তি উত্তেজনা ও দর্শক উপস্থিতি। সিরিজ নির্ধারণী এই ম্যাচকে ঘিরে আগে থেকেই স্টেডিয়াম এলাকায় জমে উঠেছিল ক্রিকেটীয় আবহ, যার সঙ্গে যোগ হয়েছে তামিমকে কেন্দ্র করে আলাদা উচ্ছ্বাস।

স্টেডিয়ামের প্রবেশপথে চোখে পড়ছে তামিম ইকবালের ব্যাটিং মুহূর্তের বিশাল ব্যানার, যেখানে তাকে জাতীয় দলের জার্সিতে উপস্থাপন করা হয়েছে। পোস্টারগুলোতে তার নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে এবং চট্টগ্রামের ক্রিকেটে তার অবদানের কথাও তুলে ধরা হয়েছে।

মাঠে খেলা দেখতে আসা দর্শকরাও এই আবেগের অংশ হয়েছেন। অনেকেই পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, আবার কেউ আলোচনা করছেন তামিমের নতুন প্রশাসনিক দায়িত্ব নিয়ে। দর্শকরা বলছেন, আগে যাকে মাঠে ব্যাট হাতে দেখেছেন, এখন তাকে দেশের ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ে দেখা তাদের জন্য এক ভিন্ন অনুভূতি।

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী শতদল ক্লাবের সাধারন সম্পাদক শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাংগীর ফোকাস চট্টগ্রামকে বলেন, চট্টগ্রামের গর্ব, আমাদের অহংকার চট্টগ্রামের সেই স্টেডিয়াম থেকে ক্রিকেট খেলে জাতীয় ক্রিকেটার হয়ে বর্তমানে বিসিবি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।আমাদের শতদল ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।দায়িত্ব নেয়ার পর থেকে অনেক কাজ গিয়ে নিয়ে যাচ্ছেন আগামীতে নতুন নতুন আরো কিছু কাজ হবে বলে প্রত্যাশা করছি।

খেলা দেখতে আসা দর্শক নয়ন বলেন,’তামিম ইকবাল আমাদের চট্টগ্রামের ছেলে। যে মাঠে তিনি একসময় ব্যাট হাতে খেলেছেন, আজ সেখানে তিনি বিসিবির সভাপতি হিসেবে আসবেন—এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই।’

এদিকে সিরিজ নির্ধারণী ম্যাচকে ঘিরে সাগরিকা এলাকায় নিরাপত্তা ও দর্শক চাপে ছিল বাড়তি সতর্কতা। তবে সবকিছুর মধ্যেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ক্রিকেটীয় উত্তেজনার পাশাপাশি তামিম ইকবালকে ঘিরে তৈরি হওয়া এই আবহ সাগরিকার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর বিদ্যমান পরিচালনা পর্ষদে পরিবর্তন আসে। পরিচালকদের একাংশের পদত্যাগ এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে বর্তমান পর্ষদ ভেঙে দেওয়া হয় এবং নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

এই অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। তিন মাস মেয়াদি এই কমিটিতে আরও রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন থাকলেও কমিটির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

এম আ / চ

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
এস আই চৌধুরী
পরিচালনা সম্পাদক
আশরাফুল হক আকিব
বার্তা সম্পাদক
আমির হোসাইন
ঢাকা অফিস
  • সুইট নাম্বার ৪০৪/এ (৫ম তলা), পল্টন টাওয়ার, ৮৭, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০
চট্টগ্রাম অফিস