নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
দীর্ঘ ১৬ বছর পর সারাদেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ২০২৫ সালের জন্য নির্ধারিত এ পরীক্ষা বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের মধ্য দিয়ে শুরু হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রথম দিনের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা আড়াই ঘণ্টা ধরে চলবে।
তবে পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব জেলায় ১৭ এপ্রিল গণিত দিয়ে পরীক্ষা শুরু হয়ে ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মাধ্যমে শেষ হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে। এরপর ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ায় এই পরীক্ষা বন্ধ হয়ে যায়। ২০২২ সালে পরীক্ষামূলকভাবে একবার পরীক্ষা নেওয়া হলেও পরবর্তীতে তা আবার স্থগিত ছিল।
এম আ / ফোকাস